সিলেটে র্যাবের অভিযানে পুলিশের লুণ্ঠিত ৩টি টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অভিযান চালিয়ে পুলিশের লুণ্ঠিত তিনটি টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-৯। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত প্রায় ১২টা ২০ মিনিটে দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশিদ চত্বর থেকে ফেঞ্চুগঞ্জ সড়কের সোনারগাঁও আবাসিক এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে এসব গ্রেনেড উদ্ধার করা হয়।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে, ওই এলাকায় অস্ত্রসদৃশ কিছু বিস্ফোরক রাখা হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় ঝোপের মধ্যে রাখা একটি শপিং ব্যাগ থেকে অবিস্ফোরিত অবস্থায় তিনটি টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে র্যাব জানতে পারে, উদ্ধার হওয়া টিয়ারগ্যাস গ্রেনেডগুলো বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত হয়েছিল। তবে ঘটনাস্থলে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
উদ্ধার করা আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মোট ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৭ হাজার ৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল, বিপুল পরিমাণ এয়ারগানের গুলি এবং ১৫৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, এসব অভিযান সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পূর্বদিক/এসএ






