র্যাব-বিজিবির অভিযানে সিলেটে সোয়া ৩ কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬, ৭:২২ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
নিজস্ব প্রতিবেদক: র্যাব-৯ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে সিলেট নগরী থেকে আনুমানিক ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানকৃত বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং বিজিবির একটি যৌথ আভিযানিক দল জানতে পারে যে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানার টিলাগড় এলাকা দিয়ে একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি শাড়ি, ওষুধ ও কসমেটিকস বহন করা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে গত ২২ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে যৌথ আভিযানিক দলটি টিলাগড় এলাকায় সন্দেহভাজন কাভার্ড ভ্যানটিকে অনুসরণ করে। একপর্যায়ে ভ্যানটি কোতোয়ালী থানার সুরমা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় মালামাল আনলোড করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে র্যাব-৯ ও বিজিবির সদস্যরা সেটিকে আটক করেন।
পরে আটক চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে সুরমা আবাসিক এলাকার ওই ভবনের নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে: ভারতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট ১ লাখ ৭৭ হাজার ৬৩০ পিস, ভারতীয় শাড়ি ১০০ পিস, ACNASOPT ফেসওয়াশ ৮০ পিস, KETODERM শ্যাম্পু ১০০ পিস, GLUSTER সিরাম ২৯ পিস, CODL সিরাপ ১ হাজার ২৯০ পিস, BONZVA সিরাপ ৪৯৭ পিস।
উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ৫২ বিজিবি, সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
পূর্বদিক/এসএ






