ঠাকুরগাঁওয়ে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : 12 September 2026, 11:17 pm

ছবি: পূর্বদিক
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বার্ষিক বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, স্কুল ডে, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী উৎসবের উদ্বোধন করা হয়েছে। সেন্ট মাদার তেরেজা স্কুলের আয়োজনে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি ম্যানেজার পিকিং চাম্বুগং, ঠাকুরগাঁও মিশনের পাল পুরোহিত ফাদার জসীম ফিলিপ মুর্মু, ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং সেন্ট মাদার তেরেজা স্কুলের প্রধান শিক্ষক সিস্টার স্বপ্না গমেজ (সিআইসি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ধর্মপ্রদেশের ডিডি বিশপ ড. সেবাস্টিনয়ান টুডু।
এ সময় সেন্ট মাদার তেরেজা স্কুলের ইংরেজি ও সহকারী শিক্ষক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক আবদুস সালামসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। পরে তাঁরা মেলায় শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।
এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এরপর বিদ্যালয়ের দুটি বিতর্ক দলের অংশগ্রহণে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতার মধ্যে কোনটি বেশি জনপ্রিয়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পক্ষ দল শাণিত যুক্তি ও তর্ক উপস্থাপনের মাধ্যমে বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত মায়মুনা।
এর আগে বিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, স্কুল ডে, সাংস্কৃতিক প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী উৎসব দুই দিনব্যাপী চলবে। শনিবার ও রোববার গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার।
পূর্বদিক/এসএ






