মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : 3 November 2026, 11:31 pm

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও ইসলামি সাংস্কৃতিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে মৌলভীবাজারে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার কনফারেন্স হলে নজরুল বর্ষ উদযাপন কমিটি, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত জেলার বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা ও নজরুল বর্ষ উদযাপন কমিটির জেলা আহ্বায়ক মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আখলাকুল আম্বিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ ও নজরুল বর্ষ উদযাপন কমিটির জেলা সদস্যসচিব মাওলানা মুফতি মো. শামছুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন একই মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কুলাউড়ার শ্রীপুর জালালিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামছুল হক, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, বড়লেখার সুজাউল কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হাবীবুর রহমান, জুড়ীর সাগরনাল ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল করিম এবং শ্রীমঙ্গলের সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল হক। বিচারকমণ্ডলীর পক্ষে বক্তব্য দেন সুয়েব আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ইকবাল সরকার, রাজনগর ডিএস ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ফয়জুর রহমান, উত্তর মুলাইম মল্লিকসরাই ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নজরুল ইসলাম, গাংকুল ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা খালেদ আহমদ, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা জুনায়েদ আহমদ, বাংলা বিভাগের প্রভাষক কাওছার আহমদ রাকিবসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক, কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।
প্রতিযোগিতায় নজরুল রচিত হামদ-নাত, ইসলামি সংগীত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা—এই পাঁচটি বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং অতিথিরা তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আখলাকুল আম্বিয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম এবং ইসলামি সংগীতে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, নজরুলের হামদ, নাত, ইসলামি সংগীত ও কবিতার মধ্য দিয়ে ধর্মীয় মূল্যবোধ, মানবতা, সাম্য এবং নৈতিক চেতনার বিকাশ ঘটানো সম্ভব।
বিশেষ অতিথি মাওলানা মুফতি মো. শামছুল ইসলামসহ অন্যান্য বক্তা শিক্ষার্থীদের মধ্যে ইসলামি সংস্কৃতি ও সাহিত্যচর্চা এবং সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার কামিল মাস্টার্সের শিক্ষার্থী কামরুল ইসলাম সোহান পবিত্র কোরআন তিলাওয়াত করেন। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আব্দুস সালাম নাতে রাসুল (সা.) পরিবেশন করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, নজরুল বর্ষ উপলক্ষে এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইসলামি সাহিত্য, সংগীত, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





