বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
প্রকাশিত হয়েছে : ৭ আগস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ

সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের হয়ে দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলার আশা প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। তবে সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের পর সেই সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নেই।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বর্তমান পরিস্থিতিতে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার সম্ভাবনা তিনি দেখছেন না।
তিনি বলেন, “তার দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।”
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছাড়েন। সে সময় আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়।
এ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিবের যে গ্রহণযোগ্যতা ছিল, রাজনৈতিক অবস্থান নেওয়ার পর পরিস্থিতি পরিবর্তিত হয়েছে।
তিনি বলেন, “একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।”
আমিনুল হক আরও বলেন, এতদিন সাকিবকে মূলত একজন ক্রিকেটার হিসেবেই বিবেচনা করা হয়েছিল। তবে সাম্প্রতিক পদক্ষেপের পর সেই অবস্থান বদলেছে।
তার ভাষায়, “একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্য সবাই তার বিষয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।”
অন্যদিকে, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছেন, সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। একই সঙ্গে দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলা এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছার কথাও জানান তিনি।
তবে সরকারের সর্বশেষ অবস্থানের পর সাকিব আল হাসানের দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলার আশা বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পূর্বদিক/এসএ





