সিলেটে র্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক
সিলেট প্রতিনিধি: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সাতটি গাড়ির মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানিক দল।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত র্যাব-৯, সিপিএসসি, সিলেট ও পরিবেশ অধিদপ্তর, সিলেটের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ট্রাকসহ বিভিন্ন মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় অনুমোদিত শব্দমাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে সাতজন গাড়ির মালিককে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(২) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী মোটরযান ও নৌযানে অনুমোদিত শব্দমাত্রার বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন স্থাপন ও ব্যবহার নিষিদ্ধ। একইভাবে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় ক্ষতিকর কোনো কর্মকাণ্ড বা প্রক্রিয়া পরিচালনা করা নিষিদ্ধ।
আইন লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এসব অপরাধ প্রতিরোধ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে র্যাব-৯ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাব-৯ আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে শব্দদূষণ ও পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
পূর্বদিক/এসএ





