সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : 8 October 2026, 11:43 pm

ছবি: পূর্বদিক
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহ ও পরকীয়ার সন্দেহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে রাশেদুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনী গ্রামের মৃত সুরমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদুল ইসলাম ও তার স্ত্রী হাসনা বেগম দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী সাভার এলাকায় একটি গার্মেন্টসে পোশাককর্মী হিসেবে কাজ করতেন। পরবর্তীতে তারা সিংগাইরের ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা এলাকায় জমি কিনে ছেলে সন্তানকে নিয়ে বসবাস শুরু করেন।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। পাশাপাশি স্বামীর পরকীয়ায় জড়িত থাকার সন্দেহ করতেন স্ত্রী। এরই জেরে বৃহস্পতিবার ভোরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসনা বেগম ধারালো ছুরি দিয়ে রাশেদুলের পেটে আঘাত করেন। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ির সামনে থেকে অটোরিকশাযোগে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত স্ত্রী হাসনা বেগম ব্যবহৃত মোবাইল ফোনটি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে স্থানীয়রা।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বদিক/এসএ





