মদনে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড
প্রকাশিত হয়েছে : 11 November 2026, 4:29 pm
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত অপর আসামি সাগরের ভাই মাইমুন ওরফে মামুনকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত নির্দেশ দিয়েছেন, ভুক্তভোগী শিশু ও তার জন্ম দেওয়া নবজাতক মায়ের সঙ্গেই থাকবে। শিশুটির যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। তবে প্রয়োজনে রাষ্ট্র দণ্ডপ্রাপ্ত আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ থেকে শিশুর ভরণপোষণের ব্যয় মেটাতে পারবে। এ ছাড়া নবজাতকের প্রাতিষ্ঠানিক ও সরকারি নথিপত্রে পিতা হিসেবে দণ্ডপ্রাপ্ত আসামি সাগরের নাম ব্যবহারের সুযোগ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
সংক্ষিপ্ত রায় পাঠকালে বিচারক মোহাম্মদ আব্দুছ সালাম শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি হাইকোর্টের একটি পূর্ববর্তী পর্যবেক্ষণের কথা উল্লেখ করে বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন জরুরি। বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে বাধ্যতামূলক করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
চাঞ্চল্যকর এ মামলার বিচার কার্যক্রম মাত্র ৯ কার্যদিবসে এবং সার্বিকভাবে ৬০ দিনের মধ্যে সম্পন্ন করে রায় ঘোষণা করা হয়েছে। মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল কবির রুবেল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আনিসুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর তাঁর ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে মাদ্রাসায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখে। পরে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয়।
আদালতের নির্দেশে সিআইডির একটি বিশেষ দল নবজাতকের নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠায়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়।
ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে গত ২৬ আগস্ট মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানির সময় আসামি তাঁর ১২ শতাংশ জমিসহ সব সম্পত্তি লিখে দেওয়ার বিনিময়ে মুক্তি চেয়েছিলেন বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। তবে আদালত সেই প্রস্তাব নাকচ করে দেন।
বুধবার এ মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে বহুল আলোচিত বিচারিক কার্যক্রমের সমাপ্তি হলো।





