কমলগঞ্জে ডিবির অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : 12 November 2026, 11:15 pm

ছবি: পূর্বদিক
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার সিংড়াউলি গ্রামের রুমন শেখ (৪১) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শামীম আনোয়ার (৩২)।
বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কমলগঞ্জ থানাধীন ৪ নম্বর শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় রুমন শেখের বসতঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে রুমন শেখের কাছ থেকে ৬৩ পিস এবং শামীম আনোয়ারের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।





