আবার ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে ২০ দল
প্রকাশিত হয়েছে : 27 February 2015, 11:15 am
পূর্বদিক ডেস্ক ::
চলমান অবরোধের মধ্যে আবার আগামী রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
আজ শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
একইসঙ্গে রোববার সারাদেশে সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিলেরও ঘোষণা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের পক্ষে এসব কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
এতে বলা হয়, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে ও দেশব্যাপী নেতাকর্মীদের বিচারবহির্ভূতভাবে হত্যা, গুম, অপহরণ, পঙ্গু, আহত ও গ্রেফতারের অভিযোগ তুলে তার প্রতিবাদে এসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এর আগে গত তিন সপ্তাহ ধরে একইভাবে রোব থেকে বুধবার ৭২ ঘণ্টা হরতাল ডাকে ২০ দল, যা পরে সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়।







