মৌলভীবাজার পৌরসভার মেয়রের বিরুদ্ধে রুল জারি
প্রকাশিত হয়েছে : 8 November 2015, 11:57 am
পূর্বদিক রিপোর্ট ::
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূনের বিরুদ্ধে রুল নিশি জারি করেছেন মহামান্য হাইকোর্ট। পৌরসভার এক কর্মচারীকে স্বপদে কেন বহাল করা হবে না এই মর্মে দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে এই রুল জারি করা হয়।
এবিষয়ে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন পূর্বদিককে জানান, ওই কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। রুলের জবাব দিতে তিনি আইনজীবী নিয়োগ করেছেন বলে ও জানান।
জানা যায়, মৌলভীবাজার পৌরসভার সহকারী হিসাবরক্ষক ও পৌরসভা কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক শরমিলা দেবকে পৌরসভার অর্থের হিসেবে গড়মিলসহ বিভিন্ন কারণে সাময়িক বরখাস্ত করা হয় বছর তিনেক আগে। এরপর থেকে তার বেতন ভাতা বন্ধ হয়ে যায়। এদিকে ২০১৪ সালের ৩০ নভেম্বর পৌরসভার নিয়মিত সভায় তাঁকে স্বপদে বহাল করতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু এই সিদ্ধান্ত কার্যকরী করতে বিলম্ব হয়।
এবিষয়ে সহকারী হিসাবরক্ষক শরমিলা দেব পূর্বদিককে জানান, সভার সিদ্ধান্ত কার্যকর করতে তৎকালীন পৌর সচিব আবুজর গিফরী তার কাছে ঘুষ দাবি করেন। কিন্তু তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এরপর থেকে বিভিন্নভাবে তিনি নাজেহাল ও হয়েছেন। তার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তাই স্বপদে বহাল হতে সভার সিদ্ধান্ত কার্যকর করতে তিনি মহামান্য হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
এই রিটের ভিত্তিতে গত ১৮/১০/১৫ ইং তারিখে রুল জারি করেন বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার। #







