ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে ঘিরে ধরে দুই যুবক
প্রকাশিত হয়েছে : 11 November 2026, 10:08 pm

ছবি সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন শম্পা রানী দাস নামে এক নারী পুলিশ কনস্টেবল। এ সময় অজ্ঞাতপরিচয় দুই যুবক তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। পাশাপাশি তাঁর সঙ্গে থাকা মুঠোফোনসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চালায় তারা। তবে ওই পুলিশ সদস্যের সাহসিকতা, ধস্তাধস্তি ও চিৎকারে ব্যর্থ হয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জুড়ী থানা থেকে মাত্র ১৫০ মিটার দূরে হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারী পুলিশ সদস্য শম্পা রানী দাসের স্বামীও জুড়ী থানায় কর্মরত। তাঁরা থানা কমপ্লেক্সের কাছাকাছি পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করেন। মঙ্গলবার রাতে থানায় দায়িত্ব পালন শেষে হেঁটে বাসায় ফিরছিলেন শম্পা রানী দাস। পথে ইউনিয়ন পরিষদের পাশের নির্জন এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুই যুবক তাঁর পথরোধ করে। একপর্যায়ে তারা তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। একই সঙ্গে তাঁর মুঠোফোনসহ সঙ্গে থাকা অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
এ সময় শম্পা রানী দাস সাহসিকতার সঙ্গে দুর্বৃত্তদের বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে রেলস্টেশনের দিকে পালিয়ে যায়। তবে তারা কোনো মালামাল ছিনিয়ে নিতে পারেনি।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ওই নারী পুলিশ সদস্য থানায় ডিউটি শেষে প্রায়ই হেঁটে একা বাসায় ফেরেন। মঙ্গলবার রাতেও দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। ওই নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাদের একজন পিছু নেয় এবং ছিনতাইয়ের চেষ্টা চালায়। ঘটনার কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতেও দেখা যায়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জড়িত দুই যুবককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
থানা থেকে মাত্র দেড়শ মিটার দূরে একজন নারী পুলিশ সদস্যের ওপর এমন হামলা ও তাঁকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। একই সঙ্গে থানা-সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।





