শমশেরনগরে ক্রিকেট একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনে আশরাফুল
প্রকাশিত হয়েছে : 13 November 2026, 11:21 pm

ছবি: পূর্বদিক
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ক্রিকেটের নতুন প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে শমশেরনগর ক্রিকেট একাডেমি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আনুষ্ঠানিকভাবে একাডেমিটির উদ্বোধন করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় ক্রিকেট পরিবার শমশেরনগরের আয়োজনে উপজেলার শমশেরনগর চা বাগান মাঠে একাডেমিটির উদ্বোধন করা হয়।
ক্রিকেট পরিবার শমশেরনগরের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শিবলী আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন গোলাম রাব্বি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেপ বল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সারোয়ার হোসেন আকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন, যুক্তরাজ্যপ্রবাসী ক্রীড়া সংগঠক সুমন আহমেদ ও নাজিম উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন এই ক্রিকেট একাডেমির মাধ্যমে শমশেরনগরসহ আশপাশের এলাকার শিশু-কিশোর ও তরুণদের ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





