চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন
মৌলভীবাজারে ১৩৫ কেন্দ্রসহ দেশজুড়ে ভোটগ্রহণ শুরু
প্রকাশিত হয়েছে : 28 November 2026, 12:18 pm

ছবি: পূর্বদিক
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারের ১৩৫টিসহ দেশের পাঁচ জেলার ২০টি উপজেলায় অবস্থিত ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সকালে মৌলভীবাজারের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে শ্রমিকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের নির্বাচনে ২৩০টি চা বাগানের প্রায় ১ লাখ ৫৩ হাজার শ্রমিক ভোট দেবেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে তা অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
এবার কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর দুটি এবং সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতিমণ্ডলীর প্যানেল-১ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পংকজ কন্দ। কার্যকরী সভাপতি পদে নির্মল পাইনকা, সহসভাপতি পদে জেসমিন আক্তার এবং নারী সহসভাপতি পদে সুভদ্রা মুন্ডা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে প্যানেল-২ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা। এ প্যানেলে কার্যকরী সভাপতি পদে মিঠুন কালোয়ার, সহসভাপতি পদে মিঠুন সিং রাউতিয়া-২ এবং নারী সহসভাপতি পদে শিমুল কর্মকার রয়েছেন।
সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে হবিগঞ্জের চান্দপুর চা বাগানের নিপেন পাল, আমু চা বাগানের মকেশ কর্মকার এবং মৌলভীবাজারের জাগছড়া চা বাগানের পরেশ কালেন্দি।
এ ছাড়া তিনটি প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক, নারী সহসাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক পদেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা রয়েছেন।
নির্বাচনে বিজয়ীদের পাশাপাশি দেশের সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য অন্তর্ভুক্ত করে ৩০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। একই দিনে দেশের সাতটি ভ্যালি কমিটি এবং ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।
সব মিলিয়ে সারাদেশে প্রায় ৬২০টি প্যানেলে সাত হাজারের বেশি প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘদিন পর এই নির্বাচনকে ঘিরে চা শ্রমিকদের মধ্যে নতুন নেতৃত্ব ও অধিকার আদায়ের প্রত্যাশা তৈরি হয়েছে।





