চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার আর নেই
প্রকাশিত হয়েছে : 15 September 2026, 6:02 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশের বৃহত্তম শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাখন লাল কর্মকার আর নেই। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খেজুরীছড়া চা বাগানে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মাখন লাল কর্মকার। মঙ্গলবার বিকেলে খেজুরীছড়া চা বাগানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মাখন লাল কর্মকার চা শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে ২০১৩ ও ২০১৮ সালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন চা-বাগান থেকে শ্রমিকেরা খেজুরীছড়া চা বাগানে তাঁর বাড়িতে ছুটে আসেন। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁর মৃত্যুতে চা শ্রমিকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মাখন লাল কর্মকারের মৃত্যুতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, ‘মাখন লাল কর্মকার আমাদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সঙ্গী ছিলেন। তাঁর মৃত্যুতে চা শ্রমিকদের অনেক ক্ষতি হলো। তিনি শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অবদান চা শ্রমিকেরা দীর্ঘদিন মনে রাখবেন।’
পূর্বদিক/এসএ





