মাকে নির্যাতন, সন্তানদের হাতে প্রাণ গেল বাবার
প্রকাশিত হয়েছে : ৭ এপ্রিল ২০২৫, ১:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার সদর উপজেলার শ্যামরকোনা এলাকার বাগর ঘর গ্রামে মাকে নির্যাতনের জেরে ছেলে ও মেয়ে মিলে পিতা মুসলিম মিয়া (৪০) কে হত্যার অভিযোগ উঠেছে ।
রবিবার (৬ এপ্রিল) দুপুরে এই ঘটনায় অভিযুক্ত মেয়ে মুন্নি আক্তার (২১)কে আটক করে কারাগরে প্রেরণ করেছে পুলিশ। ছেলে ছেলে মুন্না মিয়া (২৩) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিম মিয়ার পরিবারে দীর্ঘদিন যাবত ঝগড়া বিবাদ চলে আসছে। শনিবার (৫ এপ্রিল ) রাতে মুসলিম মিয়ার স্ত্রী ছাবিনা বেগম (৩২) প্রবাসে যাওয়ার বিষয় নিয়ে মুসলিম মিয়ার সাথে তার ছেলে মেয়ের ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা বাবার উপর হামলা চালালে তিনি মারাত্মক আহত হন।
মুসলিম মিয়াকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসক রোববার তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামরকোনা গ্রামের আব্দুল আহাদ জানান, মুসলিম মিয়ার পরিবারে সব সময় কলহ লেগে থাকত। স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। এই ঘটনার জের ধরে ছেলে মেয়ে পিতার উপর হামলা চালায়।
স্থানীয় ইউপি সদস্য মো. ফজলুর রহমান বলেন, মৃত মুসলিম মিয়ার স্ত্রী ছাবিনা বেগমের প্রবাস যাওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। কিন্তু মা এর পক্ষে সন্তানদের অবস্থান থাকায় এই ঘটনা ঘটতে পারে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে লাশ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।






