প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন, মাজার জিয়ারত ও ব্যস্ত কর্মসূচি
প্রকাশিত হয়েছে : 2 May 2026, 1:01 pm

ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম সিলেট সফরে অংশ নিয়ে দিনব্যাপী একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই সফরে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, সুধী সমাবেশে অংশগ্রহণ এবং ধর্মীয় স্থানে জিয়ারতসহ নানা কর্মসূচি রয়েছে তাঁর।
সকাল প্রায় ১০টার দিকে তুমুল বৃষ্টির মধ্যেই তিনি সিলেটে পৌঁছান। এরপর সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা ও বন্যা নিরসন এবং সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে প্রধানমন্ত্রী হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।
সোয়া ১১টার দিকে তিনি সিলেট সিটি করপোরেশনের আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।
দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি-তে দলীয় এক সভায় অংশ নেওয়ার পর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেটজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও মাঠে সক্রিয় রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, নজরদারি এবং প্রটোকল অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এদিকে সফর উপলক্ষে সিলেট নগরজুড়ে সাজসজ্জার আমেজ দেখা গেছে। প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো নতুন করে সাজানো হয়েছে। রাস্তা মেরামত, সড়ক বিভাজকে বৃক্ষরোপণ, নতুন রং করা এবং অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন অপসারণের মাধ্যমে নগরকে পরিচ্ছন্ন ও আকর্ষণীয় রূপ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর।
পূর্বদিক/এসএ






