আবারো বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪জনকে পুশইন করলো বিএসএফ
প্রকাশিত হয়েছে : 14 May 2025, 6:44 pm

বড়লেখা প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখার পাল্লাতল সীমান্ত দিয়ে পুশইন হওয়া নারী, শিশুসহ ৪৪ জনকে আটক করে ৫২ বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
বুধবার (১৪ মে) ভোরে লাতু বিওপি ক্যাম্প এর আওতাধীন শাহবাজপুর পাল্লাথল রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রেখে বিজিবি জিজ্ঞাসাবাদ করছে। জানা গেছে আটককৃত সবাই বাংলাদেশী নাগরিক। তারা দীর্ঘদিন যাবত ভারতে বসবাস করছিলেন। গতকাল ভারতীয় পুলিশ তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের কাছে হস্তান্তর করলে আজ বাংলাদেশে তাদের পুশইন করা হয়। স্থানীয় সীমান্ত থেকে তাদের আসতে দেখে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে ভোরে বিএসএফ নারী ও শিশুসহ ৪৪ জনকে পুশইন করে। এ সময় স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানান। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু।
আটককৃতরা জানিয়েছেন, তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। সীমান্তের ওপারে আরও অনেককে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও পাঠানোর প্রক্রিয়া চলছে।
উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, আজ ভোরে আরও ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে বিজিবি তাদের আটক করেছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক।
এ বিষয়ে বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশি।






