জৈন্তাপুরে শ্বশুর বাড়ির লোকজনের হামলায় জামাতা নিহত, আটক ২
প্রকাশিত হয়েছে : 13 March 2015, 9:19 am
পূর্বদিকে ডেস্ক ::
সিলেটের জৈন্তাপুরে শ্বশুর বাড়ির লোকজনের হামলায় এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম জমির আলী (৪০)। তিনি জৈন্তাপুর উপজেলার আসাম পাড়া গুচ্ছগ্রামের জহুর আলীর পুত্র।
গতকাল ১২ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে।
জানা যায়, গতকাল জমির আলী স্ত্রীকে আনতে একই গ্রামে শ্বশুর বাড়ি যায়। সেখানে স্ত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়। এসময় শ্বশুর ও তার আত্মীয়-স্বজন মিলে জমির আলীর উপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে শ্বশুর বাড়ির লোকজনের দাবি তার উপর কোন হামলা করা হয়নি। তিনি স্ত্রীর সাথে কথা কাটাকাটি করে হঠাৎ পড়ে গিয়ে মৃত্যু বরণ করেন।
খবর পেয়ে জৈন্তাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলক চন্দ্র বসাক জানান, বিষয়টি জটিল। ময়না তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। তবে জিজ্ঞাসাবাদের জন্য জমির আলীর শাশুড়ী সুফিয়া বেগম, খালা শাশুড়ী মহুয়া বেগমকে আটক করা হয়েছে।







