চলছে পরিবহন ধর্মঘট, হেঁটে হেঁটে ফিরছেন ইজতেমার মুসল্লিরা
প্রকাশিত হয়েছে : 18 November 2022, 6:22 pm
ওমর ফারুক নাঈম, সিলেট থেকে::
মৌলভীবাজারে পাঁচ দাবিতে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। এতে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের যান চলাচল।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এদিন সকাল থেকেই মৌলভীবাজার জেলার সব রুট থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এদিকে সিলেটে শেষ হয়েছে দুই দিন ব্যাপী চলা আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমা। ইজতেমা থেকে ফিরতে পারছেন না মুসল্লিরা। তাই পায়ে হেঁটে ফুটছেন বাড়ির পথে। কেউ কেউ ফিরছেন নিজস্ব যানবাহন কিংবা রিজার্ভ করা গাড়িতে। একইভাবে ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে আসা মূসল্লিরাও।
ইজতেমায় আসা আব্দুল লতিফ বলেন, আমরা এসেছি ইবাদত বন্দেগী করতে। কোন রাজনৈতিক পোগ্ৰামে আসি নাই। এখন বাড়ি ফিরেছি হেঁটে হেঁটে। কিছুই করার নেই।
আব্দুল কাদির বলেন, আমরা ভোগান্তিতে পড়ে গেছি। কিছু পথ হেঁটে পরে দেখি গাড়ি পাওয়া যায় কিনা। সড়কেও প্রচন্ড যানজট।
জানা যায়, সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন ও সামনে গ্রিল লাগানো বন্ধ, ব্যাটারিচালিত টমটমের অবৈধভাবে চলাচল বন্ধ, ট্রাক-লরি-পিকআপ-কাভার্ডভ্যানে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ এবং মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
এদিকে, ধর্মঘট ডাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, শনিবার বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই এ ধর্মঘট ডাকা হয়েছে।
এ বিষয়ে জেলা বাস মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ বলেন, ধর্মঘটের সঙ্গে বিএনপির মহাসমাবেশের কোনো সম্পর্ক নেই। পাঁচ দফা দাবিতে বিশেষ করে টমটম চলাচল বন্ধে নিষেধাজ্ঞা থাকলেও সেগুলো অবাধে চলছে। এতে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে। যে কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সড়ক নিরাপদ করতে যৌক্তিক দাবিতে ধর্মঘট পালন করা হচ্ছে।







