কুলাউড়ায় ফানাই নদীর বাঁধ ভেঙে দেড় হাজার একর আমন চাষাবাদ অনিশ্চিত
প্রকাশিত হয়েছে : 21 August 2014, 1:21 pm
নাজমুল ইসলাম, কুলাউড়া :
কুলাউড়ার দক্ষিণাঞ্চল দিয়ে প্রবাহিত ফানাই নদীর পাহাড়ি ঢলে নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্রায় দেড় হাজার একর আমন ধানের চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিবছর বর্ষা মৌসুম শুরু হলেই অব্যাহত ভাঙনে ফসলের মাঠ বিলীন হচ্ছে। এতে স্থানীয় কৃষকরা হতাশায় ভুগছেন।
জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ফানাই নদীর কর্মধা ইউনিয়নের পূর্ব হাসিমপুর এলাকায় নদীর বাঁধ ভেঙে হাসিমপুর কবিরাজী গ্রামের রাজারবন্ধ নামক বিলের ব্যাপক আউশ ধানের ক্ষতি হয়। পাশাপাশি ওই এলাকার আমন ধানের বীজতলা নষ্ট হয়ে যায়। নদীর পানিতে ওই এলাকার কয়েক একর জমির আউশ খেত বালু ও মাটির নিচে চলে গেছে। প্রায় দুই মাস অতিবাহিত হলেও এই ভাঙনটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এই অঞ্চলের মানুষ বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করেছেন। কিন্তু সরকারিভাবে নদীর এই ভাঙন মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
জানা যায়, ভাঙনটি মেরামত করা না হলে রাজারবন্ধ নামক বিলের প্রায় দেড় হাজার একর আমন চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে শত শত কৃষক পরিবার। কৃষকরা এলাকা থেকে চাঁদা তুলে ভাঙনটি আংশিক মেরামত করলেও যেকোনো সময় আবার ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই ভাঙন ছাড়াও এলাকার আরও ৫টি স্থানে বাঁধ ভাঙনের আশঙ্কা রয়েছে বলে গ্রামের অনেক কৃষক জানান।






